
পুলিশে বদলি ও পদায়নে অনিয়ম এবং তদবির বাণিজ্য নিয়ে কঠোর অসন্তোষ প্রকাশ করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে রাজারবাগে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক সম্মেলনে তিনি এ অসন্তোষ জানান।সম্মেলনে জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে আলোচনা হয়। সেখানে অভিযোগ ওঠে, কিছু কর্মকর্তা সুবিধাজনক পোস্টিং পেতে লবিং ও অনৈতিক তদবিরের আশ্রয় নিচ্ছেন। এ প্রবণতাকে বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থি বলে উল্লেখ করেন আইজিপি।পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, মাঠপর্যায়ের পুলিশকে বিবেকের তাড়নায় কাজ করতে হবে। সঠিক সময়ে সঠিক রিপোর্ট না দেওয়া এবং স্বচ্ছতার অভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কর্মকর্তাদের নিজেদের আচরণ, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান আইজিপি।তিনি আরও বলেন, কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের মাধ্যমে বদলি করা যাবে না। দলবাজি বা ব্যক্তিগত সম্পর্ক নয়, মেধা ও পেশাদারিত্বের ভিত্তিতেই দায়িত্ব বণ্টন নিশ্চিত করতে হবে। শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।সম্মেলনে মাদকের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানানো হয়। উপস্থিত এক অতিরিক্ত আইজিপি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।