
একজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ করে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি এ মন্তব্য করেন।চিফ প্রসিকিউটর বলেন, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া অনিবার্যভাবেই প্রশ্নবিদ্ধ হয়। তিনি বলেন, বিষয়টি গুরুতর এবং এ ধরনের অভিযোগ কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। অভিযোগ ওঠার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।তবে এখন পর্যন্ত তাদের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানান আমিনুল ইসলাম। অভিযোগ পেলে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, এ বি এম ফজলে করিম চৌধুরী-কে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে ১ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ উঠেছে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে।চট্টগ্রাম শহরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি হিসেবে নাম রয়েছে সাবেক এই সংসদ সদস্যের।