
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক এবং আব্দুল হালিমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) এক প্রশাসনিক আদেশে তাদের প্রত্যাহার করে লাইন ওয়ারে সংযুক্ত করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে আদেশে কিছু উল্লেখ করা হয়নি।এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ওসি দায়িত্ব পালনকালে মাদকবিরোধী কঠোর অভিযান পরিচালনা করেন। নিয়মিত অভিযান চালিয়ে বহু মাদক কারবারিকে আটক এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখেন তারা। তাদের এমন সক্রিয়তায় এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে দাবি স্থানীয়দের।হঠাৎ করে তাদের প্রত্যাহারের ঘটনায় জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, মাদকবিরোধী কঠোর অবস্থানের কারণেই তারা বিভিন্ন মহলের চাপে পড়তে পারেন। এমনকি কেউ কেউ এটিকে ‘ষড়যন্ত্রের ফল’ বলেও আখ্যা দিচ্ছেন।তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রত্যাহারের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে রহস্য ও জল্পনা-কল্পনা আরও বাড়ছে।