
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান চালিয়ে নতুন করে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বর্তমানে আর কেউ নিখোঁজ নেই। এ কারণে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে কেউ নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেলে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৮ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। ইতোমধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি মরদেহ হিমঘরে রাখা হয়েছে, স্বজনরা এলে সেটিও বুঝিয়ে দেওয়া হবে।ঘটনার পর থেকে পদ্মা নদী তীরজুড়ে শোকের মাতম চলছে। স্বজন হারানো মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।উল্লেখ্য, বুধবার দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে অপেক্ষমাণ সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ নদীতে পড়ে ডুবে যায়। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়।