
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও দেখা দিয়েছে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতা। এমন পরিস্থিতিতে দেশের পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠেছে।সংগঠনটির দাবি, তেল বিপণনকারী কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে সাধারণ ভোক্তাদের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে দেশের বিভিন্ন স্থানে তীব্র ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।বিশেষ করে মোটরসাইকেল চালক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে জ্বালানি সংগ্রহের জন্য। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।এমন পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।এ অবস্থায় দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।