
বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখ (৩৩) কে গ্রেপ্তার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামির স্বজন ও সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। সুযোগ বুঝে হামলাকারীরা নাদীম শেখকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।