
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম–কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রোববার (৮ মার্চ) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের অনুমতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার ব্যাখ্যা দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।এর আগে রোববার সকালে আশরাফুল ইসলাম ঢাকার আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন। মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করে মির্জা আব্বাস–এর কাছে বিপুল ভোটে পরাজিত হন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তিনি মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত–এর আদালত মির্জা আব্বাসের মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে করা মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।