
ঢাকার মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ট্রাফিক পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন মো. সরওয়ার, যিনি বর্তমানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা মহানগর পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষে ব্যাংক ও শপিংমলের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।সভায় ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর মূল সড়কে যেন কোনোভাবেই ব্যাটারিচালিত রিকশা প্রবেশ করতে না পারে সে বিষয়ে ট্রাফিক পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এ ছাড়া ফুটপাত ও সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধেও নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।তিনি আরও বলেন, রমজান মাসে ইফতারের আগে রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করে। তাই নগরবাসী যাতে সময়মতো গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারেন, সে লক্ষ্যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ট্রাফিক ও ক্রাইম বিভাগের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। অনেক ক্ষেত্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা সড়কেই ইফতার করছেন, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।