
কক্সবাজারের পেকুয়ায় এক কলেজছাত্রী ও তার মাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘুষের টাকা ফেরত চাইতে যাওয়ায় মা-মেয়েকে এমন শাস্তির মুখোমুখি হতে হয়েছে।জানা যায়, পেকুয়া উপজেলার সাবেক গুলদি এলাকার মৃত নুরুল আবছারের স্ত্রী রেহেনা মোস্তফা রানু (৩৮) ও তার মেয়ে কলেজছাত্রী জুবাইদা জান্নাত (২৩) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড পান। অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম এ দণ্ড দেন বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত একটি মামলার তদন্ত প্রতিবেদন নিজেদের পক্ষে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) পল্লব তাদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। একপর্যায়ে ভয়ভীতি ও নানা অজুহাত দেখিয়ে টাকা আদায়ও করা হয়। কিন্তু পরে সেই প্রতিবেদন প্রতিপক্ষের পক্ষে দেওয়া হলে পরিবারটি টাকা ফেরত চাইতে থানায় যায়।পরিবারের দাবি, ঘুষের টাকা ফেরত চাইতে যাওয়ার পরই মা-মেয়েকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।