
নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে এবং পরিস্থিতি পরিদর্শনে প্রকল্প বাজার এলাকায় যান এমপি হান্নান মাসউদ। সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে বলে জানা গেছে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এ সময় হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, “আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়বো না।” তিনি আরও দাবি করেন, ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার ঘটনায় একই ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল।অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”