
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের জামিন মঞ্জুরের প্রতিবাদে আদালত বর্জনের কর্মসূচি পালন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করা হয়।এর ফলে আদালতে আসা সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। নির্ধারিত মামলার শুনানি ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হয়।জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু জানান, বিস্ফোরক মামলার মতো গুরুতর অভিযোগে আসামিদের জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে। অথচ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন।তিনি অভিযোগ করে বলেন, গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে জামিন নিয়ে চলে যান। “মনে হয়েছে যেন তার অপেক্ষাতেই ছিলেন সংশ্লিষ্টরা,” মন্তব্য করেন তিনি।এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ বিচারপ্রার্থীরা।