
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পুরো অফিস। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন Channel 24 অনলাইনকে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়ে অফিসটি পুড়িয়ে দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।