
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে এ নীতি দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূঁইয়া তাকে স্বাগত জানান।পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি প্রতিটি জেলার সশস্ত্র বাহিনী বোর্ডকে অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা ও সহায়তার কেন্দ্র হিসেবে আরও কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। এ লক্ষ্যে প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ৬১টি জেলায় মেডিক্যাল স্টোরের সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি, যাতে অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবার সহজে চিকিৎসাসেবা পান।এ ছাড়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সম্মানজনক জীবনযাপন ও টেকসই পুনর্বাসনের জন্য ‘ডিফেন্স কলোনি’ গড়ে তোলার উদ্যোগের কথাও জানান প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি বলেন, এ প্রকল্পের জন্য ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুর জেলায় ইতোমধ্যে জমি নির্ধারণ করা হয়েছে।