
রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর ফলে জাতীয় সংসদের স্পিকারের শূন্য পদে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন। পরবর্তীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকারের দায়িত্বে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন:”আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। স্পিকার হিসেবে শপথ গ্রহণের দিনই প্রয়োজন সাপেক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়েছিল। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের বিধানে স্পষ্ট উল্লেখ থাকে যে, স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।”সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে তিনি আরও জানান, শারীরিক অসুস্থতার কারণেই মূলত পদত্যাগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।