
চাঁদপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৮ জুলাই) সকালে শহরের বড়স্টেশন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুল গফুরের মেয়ে এবং সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফরিদা ইলিয়াস আত্মগোপনে ছিলেন। তবে গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ডের নতুন-পুরনো ছবি পোস্ট করছিলেন।চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে