
চট্টগ্রাম নগরীতে মো. আজাদ নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে।পরে গুলিবিদ্ধ অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন জানান, বিকেল সোয়া ৪টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তারা ঘটনার খবর পান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।তিনি বলেন, নিহতের এক সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফরেস্ট গেট এলাকার একটি একতলা ভবনে যায়। সেখানে প্রাথমিকভাবে জানা যায়, আজাদসহ তিনজন ওই স্থানে অবস্থান করছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।এদিকে চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, রাস্তার পাশে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, প্রাথমিক তথ্যমতে, ফরেস্ট গেট এলাকায় হাঁটার সময় পেছন থেকে আজাদকে গুলি করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।