
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন সংলগ্ন ভারত সীমান্তে গুজব ছড়িয়ে অযথা উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য, ভিডিও বা ফেসবুক লাইভ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাহিনীটি।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এবং সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম পৃথকভাবে এ আহ্বান জানান।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিংগারবিল ইউনিয়নের কয়েকজন যুবক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন পোস্ট করেন। তবে স্থানীয়দের দাবি, পোস্টগুলোতে উল্লেখিত ঘটনার বাস্তব কোনো ভিত্তি ছিল না। এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়।বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় লাঠি, দা বা অন্য কোনো সরঞ্জাম নিয়ে জড়ো হওয়া, ভিডিও ধারণ কিংবা ফেসবুক লাইভের মাধ্যমে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে।সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, বিজিবি সবসময় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক আইন অমান্য করে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিকে বিজিবি ও স্থানীয় প্রশাসন সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা নজরে এলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।বিজিবি বলছে, গুজব ও অপপ্রচার এড়িয়ে দায়িত্বশীল আচরণই সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।