
প্রান্তিক ও নিম্ন আয়ের গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য আগের মূল্যহারই বহাল থাকবে।বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে বুধবার (৩ জুন) বিইআরসি পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা করেছিল। সেই ঘোষণায় আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট মূল্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।তবে নতুন মূল্যহার ঘোষণার পর সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিলে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো আবাসিক লাইফলাইন (০-৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) পুনর্নির্ধারিত মূল্যহার পুনর্বিবেচনার আবেদন জানায়।এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে বিইআরসি আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪ এবং বিদ্যুৎ বিতরণ (খুচরা) ট্যারিফ প্রবিধানমালা, ২০১৬ অনুযায়ী বর্ধিত মূল্যহার কার্যকর না করার সিদ্ধান্ত নেয়।ফলে জুন ২০২৬ থেকে আবাসিক লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা বহাল থাকবে।সংশ্লিষ্টরা বলছেন, সরকারের জনবান্ধব অবস্থান এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ফলে এই সিদ্ধান্ত এসেছে, যা লাখো প্রান্তিক গ্রাহকের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।