
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন তিনি।মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে বাংলাদেশ সরকার।২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে অংশ না নিয়ে তার ছেলে মাহবুব রহমান রুহেলকে মিরসরাই আসনে মনোনয়ন দেন।