
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।ভারী বৃষ্টি ও সম্ভাব্য বন্যার কারণে কৃষি খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য কলিম উদ্দিন বলেন, টানা ভারি বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা কষ্ট করে মাঠে ধান কাটছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।উত্তরে প্রধানমন্ত্রী বলেন, তিন দিন আগে আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি বলেন, হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা অত্যন্ত বেদনাদায়ক।তিনি আরও জানান, সংসদ অধিবেশন শুরুর আগেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে হাওরের তিনটি জেলাসহ ময়মনসিংহ অঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের শনাক্ত করে তাদের আগামী তিন মাস সহায়তা প্রদান করা হয়।