
জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদীতে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেছেন সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।বুধবার (২২ এপ্রিল) সকালে প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জামিন আবেদন শুনানির কথা রয়েছে। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চাওয়া হতে পারে বলে জানা গেছে।এদিন সাইফুল ইসলামসহ তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর দুই আসামি হলেন রবিউল ইসলাম এবং রাঙামাটির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ ধরনের নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত আরও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। ২০২৫ সালের ১৪ এপ্রিল নরসিংদীতে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন আরও সময় চাইবে বলে জানা গেছে।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতা প্রতিবাদে নেমে আসেন। পরবর্তীতে তার মরদেহ নিয়ে মিছিলের সময় আবারও গুলি চালানো হলে আরও একজন নিহত হন। এছাড়া ওই সময় নরসিংদীতে প্রায় ২০ জন নিহত ও বহু মানুষ আহত হন।এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।