
ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর নুর আলম মাসুদ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত নুর আলম মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এবং ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন।স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার একটি স্থানে বিকল্প উপায়ে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান মাসুদ।এ ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।