
দেশে হাম-এর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মাত্র ২৬ দিনে হাম নিশ্চিত এবং এর উপসর্গ নিয়ে মোট ১৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু।বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত আক্রান্ত হয়ে ১ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে।তথ্য বিশ্লেষণে দেখা যায়, উল্লেখিত সময়ে নিশ্চিত হামে ২৩ জন এবং সন্দেহজনক লক্ষণে আরও ১৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩২০ জনে।পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী বিভাগ। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ১৫০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক লক্ষণ নিয়ে আরও ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।