
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সরাসরি স্বীকার করেছিলেন।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের দাবিতে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় ১১ দলের সংসদ সদস্যরা এদিন সংসদ কক্ষ ত্যাগ করেন।সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বঙ্গভবনে অনুষ্ঠিত এক বৈঠকে রাষ্ট্রপতি স্পষ্টভাবে জানান যে, তিনি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেয়েছেন এবং তা মঞ্জুরও করেছেন। এ সময় তারা দ্রুত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক শাসনে ফেরার আহ্বান জানান।তিনি আরও বলেন, বর্তমান সরকার সংস্কারের জন্য কয়েকটি কমিশন গঠন করলেও দীর্ঘ সময় ধরে বিদ্যমান সংবিধানের মাধ্যমে যে শাসনব্যবস্থা চলেছে, তা থেকে উত্তরণের জন্য জনগণের সরাসরি মতামত নেওয়া জরুরি। এ জন্য সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের দাবি জানান তিনি।বিরোধীদলীয় এ নেতা অভিযোগ করেন, গণভোটের বিষয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার থাকলেও সরকার তা বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। ফলে জনগণের ন্যায্য দাবির প্রতিফলন ঘটছে না বলেও মন্তব্য করেন তিনি।সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, সংবিধান সংস্কার ও গণভোটের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাবে বিরোধী দল। শিগগিরই সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।