
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ ছিল বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু। তিনি প্রশ্ন তুলে বলেন, “তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে?”মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী জানান, দেশে তেলের সংকট নয়, বরং অতিরিক্ত কেনার প্রবণতার কারণেই অনেক পাম্পে আগেভাগে তেল শেষ হয়ে গেছে। তিনি বলেন, সরকার বারবার আশ্বস্ত করেছে—সবাই তেল পাবেন, আতঙ্কিত হয়ে মজুত করার কোনো প্রয়োজন নেই।মন্ত্রী আরও বলেন, ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষ নির্বিঘ্নে যাতায়াত করেছে এবং কোথাও তেলের অভাবে পরিবহন বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই বর্তমান পরিস্থিতিকে সংকট হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে মন্ত্রী জানান, এ সিদ্ধান্ত মন্ত্রণালয় নেয় না; এটি নির্ধারণ করে সংশ্লিষ্ট কমিশন। বর্তমানে তেলের দাম বাড়ানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।মন্ত্রী সাধারণ জনগণকে অপ্রয়োজনীয় মজুত না করে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান।