
রমজান মাসের পর সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক দমনে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে দেশে বিদ্যমান মব কালচার চিরতরে নির্মূল করতেও সরকার কঠোর অবস্থানে রয়েছে।তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা সংঘবদ্ধ অপরাধীকে ছাড় দেওয়া হবে না। রমজান মাসের পরপরই সারা দেশে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু করা হবে। ইতোমধ্যে গতকাল রাত ও আজ চট্টগ্রামে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন নিশ্চিত করতে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।