
চট্টগ্রামে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ এক নারী ও দুই পুরুষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার কোতোয়ালি থানার আওতাধীন মেরিনার্স রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ হ্যাপী আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হ্যাপী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে চান্দগাঁও এলাকায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।অন্যদিকে, বুধবার (৪ মার্চ) দামপাড়া এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (টিম-০২) মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান (এস ড্রাইভ) পরিচালনা করা হয়। এ সময় খুলশী থানার গ্রীন লাইন বাস কাউন্টারের সামনে থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মোঃ রাসেল (২৯) ও মোঃ মোফাজ্জল হোসেন (৬২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।