
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ হানিট্র্যাপ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।গ্রেফতারকৃতরা হলেন— তুলিয়া আক্তার ওরফে সুমি (২০), দুলালী ওরফে মীম (২০), মো. ওমর ফারুক (৩২), মো. শফিকুল ইসলাম শান্ত (৩৮), মো. সজল তালুকদার (৩৮), ইয়াছিন (৪৩), মো. নাছির খান (৪৬), সাদ্দাম (৩৪), মেহেদী হাসান শাহরিয়া (৩০), আজিজুল হাকিম টুটুল (৩২), মো. কামরুল ইসলাম (৩৮) ও মো. রাব্বি (২৫)।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে সায়েদাবাদ জনপদ মোড় এলাকা থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে চক্রটি। পরে তাদের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কবরস্থান রোডের একটি বাসায় নিয়ে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়।অভিযোগ রয়েছে, অজ্ঞাত দুই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে তা সংরক্ষণ করে ভুক্তভোগীদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ছবিগুলো তাদের আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।এ সময় ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা, দুই ভরি ওজনের রুপার চেইন, একটি হীরার আংটি এবং বিকাশ ও ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে মোট ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।ঘটনার পর গত ১৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।