
নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো আলোচনা চলছে। বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।বিএনপির একাধিক অভ্যন্তরীণ সূত্র জানায়, রাষ্ট্রপতি পদের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় সিনিয়রিটির কারণে তিনি আলোচনার শীর্ষে আছেন বলে জানা গেছে।একই সঙ্গে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান-এর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে তার সক্রিয় ভূমিকা তাকে সম্ভাব্য তালিকায় রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া চলমান। একইসঙ্গে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও দলের ভেতরে মতবিনিময় চলছে বলে জানা গেছে।তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।