
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটির চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা।শুক্রবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর গেইট এলাকার বিপ্লব উদ্যানে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে এবং পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।বক্তারা যমুনার সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল।বিক্ষোভ সমাবেশে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে এবং ঢাকায় হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই আন্দোলনের মতো কঠোর কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে।বিক্ষোভ চলাকালে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।