
শরীয়তপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রদলের সাবেক এক নেত্রীকে আটক করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার একটি আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর একটি ইউনিট, সহায়তায় ছিল পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।যৌথ বাহিনী জানায়, অভিযানে একটি শটগান, দুটি .২২ বোর সেমি-অটোমেটিক রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, একাধিক ম্যাগাজিন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় ওই বাসা থেকে ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি আটক ব্যক্তি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এসব অস্ত্র অবৈধভাবে মজুত করা হয়েছিল।যৌথ বাহিনী আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।