
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে সড়ক ও নৌপথে ভোলা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। জেলা বিএনপির দাবি, বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য জনসমাবেশে ভোলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন।দুই দশক পর সরাসরি তারেক রহমানকে দেখার আগ্রহে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা একদিন আগেই দলবদ্ধভাবে বরিশাল যাত্রা শুরু করেন।জানা গেছে, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন জনসভায় অংশ নিতে আগেই বরিশালে পৌঁছেছেন।সদর উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলারে করে নেতাকর্মীরা একযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। এছাড়া চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ২টি লঞ্চ, লালমোহন উপজেলা থেকে আরও ২টি লঞ্চে নেতাকর্মীরা যাত্রা করেন। মনপুরা উপজেলার নেতাকর্মীরা একদিন আগেই বরিশালে পৌঁছেছেন।সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, ব্যক্তিগত উদ্যোগেও বহু নেতাকর্মী জনসভায় যোগ দিচ্ছেন। তবে দলীয় ব্যবস্থাপনায় পর্যাপ্ত নৌযানের ব্যবস্থা রাখা হয়েছে।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ভোলা থেকে দলে দলে নেতাকর্মীরা বরিশাল যাচ্ছেন। সভা শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।