
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম অভিযান পরিচালনার মধ্যেই নিজের বদলির খবর পান। শুক্রবার গভীর রাতে নগরের বহদ্দারহাট এলাকায় বিশেষ অভিযানে দায়িত্ব পালনকালে সহকর্মীদের মাধ্যমে তিনি জানতে পারেন, তাকে বর্তমান পদ থেকে সরিয়ে নতুন দায়িত্বে সংযুক্ত করা হয়েছে।সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক দাপ্তরিক আদেশে নগর পুলিশের তিনজন উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়। আদেশ অনুযায়ী, উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোস্তফা স্বপন।একই আদেশে গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটে ধারাবাহিক রদবদল চলছে। এরই অংশ হিসেবে এই বদলি আদেশ জারি করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।বদলি প্রসঙ্গে ডিসি আমিরুল ইসলাম বলেন, “গত এক বছরে দেশ ও জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।”সিএমপির কর্মকর্তারা জানান, উত্তর বিভাগ চট্টগ্রাম নগর পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। এই বিভাগের আওতাধীন বিভিন্ন থানা ও এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিশেষ অভিযান পরিচালনায় আমিরুল ইসলাম সক্রিয় ভূমিকা পালন করেছেন। বদলির আদেশ জারির সময়ও তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছিলেন, যা পুলিশ সদস্যদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।সংশ্লিষ্টদের মতে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে নগর পুলিশের বিভিন্ন ইউনিটে কার্যক্রমের গতি ও সমন্বয়ে নতুন মাত্রা যুক্ত হতে পারে। তবে আকস্মিক এই রদবদল নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে ও বাইরে নানা আলোচনা চলছে।