
খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানকে ১ মেট্রিক টন চাল দেওয়ার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠানকে চালের পরিবর্তে মাত্র ৭ থেকে ৯ হাজার টাকা দেওয়া হয়েছে।জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ২৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে মোট ২৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের দাবি, বরাদ্দের চাল বাজারে বিক্রি করে তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।অভিযোগ রয়েছে, ১২টি মসজিদ ও নূরানি মাদ্রাসাকে ৯ হাজার টাকা এবং ১০টি মন্দির ও বৌদ্ধবিহারকে ৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। একটি মাদ্রাসাকে ২০ হাজার টাকা দেওয়ার তথ্যও পাওয়া গেছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রামগড় উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম এ করিম। তিনি দাবি করেন, বরাদ্দ বিতরণে কোনো অনিয়ম হয়নি।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।