
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. জোবায়েদ হোসেন সিদ্দিক (৩৭)। এ সময় তার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সোনালী ব্যাংকের সামনের এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জোবায়েদকে আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রাজধানী ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।