
পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে। পাশাপাশি বিভিন্ন ধরনের তদবিরেরও চেষ্টা চালাচ্ছে। এতে একদিকে সাধারণ মানুষ আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে বলেই সংশ্লিষ্ট আইডি বা মোবাইল নম্বরটি ওই কর্মকর্তার—এমনটি ধরে নেওয়া ঠিক নয়। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।