
রাজধানীর এক বাসচালকের বক্তব্য ঘিরে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি প্রশ্ন তুলেছেন—দীর্ঘ প্রায় ২০ বছর শিক্ষার্থীদের হাফ ভাড়ার সুবিধা দিয়ে আসা পরিবহন শ্রমিকরা এর বিনিময়ে কী পেয়েছেন?ভিডিওতে ওই চালক বলেন, একজন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দীর্ঘ সময় হাফ ভাড়ায় যাতায়াত করেন। কিন্তু পড়াশোনা শেষ করে ডাক্তার, প্রকৌশলী, বিচারক বা পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা পরিবহন শ্রমিকদের জন্য কী অবদান রাখেন, তা তার চোখে পড়ে না।তার ভাষায়, “আমরা বছরের পর বছর শিক্ষার্থীদের বহন করি, তাদের শিক্ষাজীবন সহজ করতে ভূমিকা রাখি। কিন্তু তারা প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ শ্রমিকদের জন্য কী করে?”তিনি আরও উদাহরণ দিয়ে বলেন, কোনো শিক্ষার্থী ডাক্তার হওয়ার পরও একজন পরিবহন শ্রমিককে অন্য সবার মতোই পূর্ণ ফি দিয়ে চিকিৎসা নিতে হয়। অথচ ছাত্রজীবনে সেই ডাক্তারই হাফ ভাড়ার সুবিধা নিয়েছিলেন।বাসচালকের এই বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেছেন, শিক্ষার্থীদের হাফ ভাড়ার সুবিধার পেছনে পরিবহন শ্রমিকদের ভূমিকার বিষয়টি তারা আগে এভাবে ভাবেননি। অন্যদিকে অনেকে মনে করেন, হাফ ভাড়া কোনো ব্যক্তিগত অনুগ্রহ নয়; এটি শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় ও সামাজিক নীতির অংশ, তাই এর প্রতিদানের প্রশ্ন তোলা যৌক্তিক নয়।ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ‘শিক্ষার্থী-শ্রমিক সম্পর্ক’, ‘সামাজিক দায়বদ্ধতা’ এবং ‘হাফ ভাড়ার বাস্তবতা’ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, বিষয়টি শুধু ভাড়ার নয়; বরং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধের প্রশ্নও তুলে ধরেছে।