
দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার সফল তদন্ত ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় প্রত্যেককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া নৌ পুলিশের তিন সদস্যকে আইজি ব্যাজে ভূষিত করা হয়।অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ এবং ‘পুরস্কার ও তিরস্কার’ নীতিতে বিশ্বাসী। পুলিশ সদস্যদের নৈতিক মনোবল বৃদ্ধি এবং জনবান্ধব সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, ভালো কাজের যথাযথ স্বীকৃতি এবং অনিয়মের ক্ষেত্রে প্রয়োজনীয় জবাবদিহিতা নিশ্চিত করা হলে পুলিশ সদস্যরা আরও দায়িত্বশীল, আন্তরিক ও ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে উৎসাহিত হবেন।পুরস্কারপ্রাপ্তদের কৃতিত্বের মধ্যে রয়েছে রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্বপূর্ণ অভিযান এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরীর ক্লু-লেস হত্যা মামলার সফল তদন্ত। এসব ঘটনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।