
দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী বরিশাল ধীরে ধীরে ভূমিধসের ঝুঁকিতে পড়ছে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়। গবেষকদের দাবি, প্রতি বছর গড়ে ১ দশমিক ৬৬ মিলিমিটার করে নিচে নামছে নগরীর মাটির স্তর। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে সমুদ্রপৃষ্ঠের সমতলে নেমে আসতে পারে বরিশাল, ফলে সামান্য জোয়ারেও প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।জার্মানির সহায়তায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসাইন্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণেও মাটির স্তর ধসে পড়ার প্রমাণ মিলেছে। কিছু এলাকায় ভবন হেলে পড়ার চিত্রও দেখা গেছে।২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয় বছর ধরে বরিশাল নগরী ও আশপাশের এলাকার ভূপ্রাকৃতিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এ সময় ভূগর্ভস্থ উপাদান পরীক্ষা, স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং স্থাপনার অবস্থা বিশ্লেষণের মাধ্যমে গবেষণাটি পরিচালিত হয়।গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তন, ভূমির অতিরিক্ত ব্যবহার এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ ভবিষ্যতে এই ঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে।