
ঢাকায় বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আসামিদের দেশে ফিরিয়ে আনতে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে।ডিবিপ্রধান জানান, ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া প্রধান দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত প্রক্রিয়া চলছে।উল্লেখ্য, গত ৮ মার্চ হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পরে চার দিনের রিমান্ড শেষে তাদের বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।