
তারেক রহমান বলেছেন, পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী শক্তির গভীর তৎপরতা ছিল।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, “পিলখানায় সেনা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বর্তমানে চলমান। বিচারাধীন বিষয় হওয়ায় এটি নিয়ে বিস্তারিত বলার অবকাশ নেই। তবে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পেছনে যে দেশবিরোধী শক্তির হাত ছিল, তা নাগরিক হিসেবে আমাদের উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে স্পষ্ট ও বোধগম্য।”তিনি আরও বলেন, “২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দফতর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলেন। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।”বাণীতে প্রধানমন্ত্রী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। আমরা মনে করি সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক।”উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর সদর দফতর পিলখানায় সংঘটিত ওই হত্যাকাণ্ড দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত।