
অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। রোববার সকালে ত্রিশাল উপজেলার একটি ফিলিং স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এতদিন প্রতিটি অটোরিকশাকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা দিতে হতো। স্থানীয়ভাবে মো. দুকুল, মো. রফিক ও মো. রতন নামের তিন ব্যক্তি এই চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।রোববার সকালে ত্রিশাল থেকে মো. ফয়সাল নামের এক চালক মেডিক্যাল গেট এলাকায় গেলে তার কাছে ৭০ টাকা চাঁদা দাবি করা হয়। অতিরিক্ত চাঁদার প্রতিবাদ করলে তাকে সেখানে যাত্রী তুলতে ও দাঁড়াতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ত্রিশালে ফিরে অন্য চালকদের বিষয়টি জানান।সকাল ১০টার দিকে ক্ষুব্ধ চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং অতিরিক্ত চাঁদা বন্ধের দাবিতে স্লোগান দেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।