
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল জোন) মো. সোহেল উদ্দিনকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী গত ১ জুলাই ২০২৬ থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার তানজিনা সাথী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল উদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরিচয়ের সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন সোহেল উদ্দিন।অভিযোগ অনুযায়ী, ওই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রয়োজনে বাদী ও তার পরিবারের কাছ থেকে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন তিনি। পরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে অর্থও ফেরত দেননি বলে মামলায় অভিযোগ করা হয়।