
পাবনার সাঁথিয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এক বছর এক মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।রোববার (৫ জুলাই) উপজেলার সাঁথিয়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক মুন্সী (৩০) ওই গ্রামের মোনোয়ারা খাতুনের ছেলে।সাঁথিয়া থানা সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রী ও মায়ের ওপর নির্যাতন চালাতেন এবং সংসারে অশান্তি সৃষ্টি করতেন। একাধিকবার তিনি নিজের মাকেও বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে।পরিবারের সদস্য ও স্থানীয়দের পরামর্শে মোনোয়ারা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার (৪ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ।পরে রোববার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে তাকে এক বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় তাকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।