
নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও:জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ টানা দুই মাস শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছে ঈদগাঁও থানা।জানা গেছে, চলতি বছরের মে ও জুন মাসে থানার সার্বিক কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে সন্তোষজনক সাফল্যের জন্য কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের কাছ থেকে বিশেষ স্বীকৃতি ও পুরস্কার গ্রহণ করে ঈদগাঁও থানা।জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় জেলার বিভিন্ন থানার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ধারাবাহিক সাফল্যের জন্য ঈদগাঁও থানাকে শ্রেষ্ঠ ইউনিট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।পুলিশ সূত্র জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে ঈদগাঁও থানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় টানা দুই মাসের এ অর্জন সম্ভব হয়েছে।এ সাফল্যের পেছনে থানার সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ঈদগাঁও থানা একইভাবে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।পুলিশ সুপারের কাছ থেকে টানা দুই মাসের এই স্বীকৃতি ঈদগাঁও থানার জন্য যেমন গৌরবের, তেমনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্যও এটি অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।