
ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীর নামে ইস্যুকৃত ৩৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।জেলা প্রশাসনের জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক আকন এবং আওয়ামী লীগ নেতা রুহুল আমিন রেজভী।এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, কাঠালিয়া উপজেলা যুবলীগের মোহাম্মদ ফরিদুজ্জামান ও মোহাম্মদ জাকির হোসেন, ঝালকাঠি উপজেলা যুবলীগের সোহেল আহমেদ, সদর যুবলীগ নেতা সৈয়দ জরুল হক স্বপনসহ আরও কয়েকজন নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।তালিকায় যুব মহিলা লীগের নেত্রী ইয়াসমিন রাবি পপি, নার্গিস আক্তার, রাজাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্রশেখর হালদার, শাহিন মৃধা, মেকার আলম নামে পরিচিত আলম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, আমিনুল ইসলাম খান লিটন, এম এ কুদ্দুস খান, মো. আরিফ হোসেন, মাজেদ হাসান, পলাশ মন্ডল এবং মো. লোকমান মল্লিকের নামও রয়েছে।জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সংশ্লিষ্ট মহলের মতে, অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা ও বাতিলের এ উদ্যোগ জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের চলমান কার্যক্রমের অংশ।