
ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। একই সঙ্গে ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জামালুন্নেসা।মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের মতো প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে হাসপাতালের তদারকি ব্যবস্থা আরও জোরদার করা, চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়ন এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।