
বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মামলা জটিলতার কারণে শিক্ষা খাতের বিভিন্ন নিয়োগ কার্যক্রম ব্যাহত হচ্ছে।শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট রয়েছে। এ সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম আটকে আছে। সরকার এ জটিলতা নিরসনে কাজ করছে।তিনি আরও বলেন, “বিভিন্ন ক্ষেত্রে মামলা জটিলতার কারণে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে। অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এসব মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।”এনটিআরসিএর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী জানান, নিয়োগ পরীক্ষার লিখিত ধাপ সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে। যোগ্য ও মেধাবী ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ করার উদ্যোগের কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এ ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।