
রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৪২ বছর।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেট বটতলা, শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী কিশোর রতন জানান, নিহত ব্যক্তি দ্রুত হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে মাস্ক পরা এক যুবক তাকে লক্ষ্য করে প্রথমে দুটি গুলি ছোড়ে। পরে দৌড়ে গিয়ে কাছ থেকে আরও কয়েকটি গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী সামনে গিয়ে মাথার দিকেও গুলি করে।ঘটনার সময় আশপাশের লোকজন চিৎকার শুরু করলে হামলাকারী একটি ফাঁকা গুলি ছুড়ে দ্রুত একটি মোটরসাইকেলে উঠে বিডিআর ক্যাম্প এলাকার দিকে পালিয়ে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।এদিকে নিউ মার্কেট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তারা মরদেহ দেখতে পান। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।