
পুলিশ বাহিনীর ৯৪৬ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাব-ইনস্পেক্টর (এসআই) পদে পদোন্নতি না পাওয়ার আশঙ্কায় পড়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হলেও বর্তমান সরকারের পরিকল্পিত নীতিমালার কারণে তারা পদোন্নতি থেকে বঞ্চিত হতে পারেন বলে জানা গেছে।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, এ বিষয়ে পুলিশ প্রবিধান-৭৪১(বি) সংশোধনের জন্য লিগ্যাল অ্যাফেয়ার্স শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে এসআই পদে সরাসরি নিয়োগের পথ আরও উন্মুক্ত হবে।এতে করে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা ৯৪৬ জন এএসআই অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। পদোন্নতিপ্রত্যাশীদের অভিযোগ, সরাসরি নিয়োগের মাধ্যমে স্বজনপ্রীতি, দলীয় প্রভাব এবং অনিয়মের সুযোগ বাড়তে পারে।এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, শূন্যপদের বিপরীতে ‘ফিফটি-ফিফটি’ ভিত্তিতে নিয়োগের বিধান রয়েছে। তবে সরকার প্রয়োজন অনুযায়ী সরাসরি নিয়োগ দিতে পারে—এমন বিধান যুক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, বিদ্যমান জনবল কাঠামো বা আইন মৌলিকভাবে পরিবর্তন করা হচ্ছে না।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ বাহিনীকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করতে জনবল বৃদ্ধি, কাঠামোগত সংস্কার এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৪ হাজার এসআই সরাসরি নিয়োগের পরিকল্পনা রয়েছে।তবে পুলিশ রেগুলেশনস, ১৯৪৩ (পিআরবি) অনুযায়ী সরাসরি এসআই নিয়োগে কিছু সীমাবদ্ধতা থাকায়, সেগুলো সংশোধনের উদ্যোগই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।